লেনদেন বন্ধ থাকার পরও বিলুপ্ত ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি ঢাকা ফিশারিজ লিমিটেডকে গত বছর শর্তসাপেক্ষে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কিন্তু দীর্ঘ এক বছরেও লেনদেনে ফিরতে পারিনি। অবশেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ মৎস্য প্রকল্প শুরু করার উদ্যোগ নিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা ফিশারিজ।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি শেরপুরের নালিতাবাড়ীতে ৪ হাজার ৪৪৫ ডেসিমল জমি ও পানি ইজারা নিয়েছে। এ সম্পত্তির মালিকের সঙ্গে কোম্পানিটি ইজারা-সংক্রান্ত পাঁচ বছর মেয়াদি চুক্তি করেছে, যা চলতি জুলাই থেকে কার্যকর হবে। এ প্রকল্পে কোম্পানিটি ২ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রকল্প চালুর পর এখান থেকে বছরে দেড় কোটি টাকা আয় করতে পারবে বলে ধারণা করছে কোম্পানিটি। আর এখান থেকে নিট মুনাফা আসবে ৩০ লাখ টাকা। কোম্পানিটি আশা করছে, এ প্রকল্প পুরোপুরিভাবে ২০২৩ সালের জানুয়ারিতে চালু করা সম্ভব হবে।
২০২১ সালে ওটিসি মার্কেট বিলুপ্তির ফলে এ মার্কেটের ৭০টি কোম্পানির মধ্যে উৎপাদন চালু আছে এমন সাতটিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। এর সঙ্গে উৎপাদন বন্ধ থাকা ঢাকা ফিশারিজসহ ১৬টি কোম্পানিও স্মল ক্যাপিটাল প্লাটফর্মে পাঠানো হয়। এ কোম্পানিগুলোকে তখন উৎপাদন চালু করা, শেয়ার ডিম্যাট করা ও এজিএম করার মতো অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করার শর্ত দেয়া হয়।










