ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০ দশমিক ১৪ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটির লেনদেন হয়েছে ২৬ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩১ অক্টোবর ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা, এর পর থেকে ইউনিটটির দর নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির ইউনিট দর ছিল ১২ টাকা ৪০ পয়সা।
গত ১৭ অক্টোবর এ ক্যাটাগরিতে ফান্ডটির ইউনিট লেনদেন শুরু হয়। গত সপ্তাহে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৬ পয়সা।
উল্লেখ্য, ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন (ইএস) শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর। চলে ১ অক্টোবর পর্যন্ত। গত ১৪ আগস্ট ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ‘গ্রামীণ ব্যাংক’ ১০০ কোটি টাকা দিয়েছে। বাকি ১০০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়।
ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করেছে ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।










