দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কমার অজুহাতে দাম বেড়েই চলছে। শনিবার বন্দর দিয়ে একদিনেই ৩৪টি ট্রাকে ৯২৪ টন পেঁয়াজ আমদানি হয়। গতকালও আমদানি অব্যাহত ছিল।

বন্দর-সংশ্লিষ্টরা জানান, দু-দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা করে। দু-দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৬ টাকা  দরে বিক্রি হয়েছে। গতকাল দাম বেড়ে ৪৭-৪৯ টাকায় দাঁড়ায়। দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। ইন্দোর জাতের পেঁয়াজের পাশাপাশি দক্ষিণ ভারতের বেলোরি জাতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বেলোরি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৭ টাকায়। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮-৪৯ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন মোল্লা বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়লেও প্রতিদিনই দাম বাড়ছে। গতকাল যে দামে কিনেছি আজ (রোববার) তার চেয়ে ২-৩ টাকা বাড়তি দামে কিনতে হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সিদ্দিক হোসেন বলেন, বাজারে দেশীয় পেঁয়াজ সরবরাহ কমায় ও দাম বাড়ায় আমদানীকৃত পেঁয়াজের বেশ চাহিদা তৈরি হয়েছে। অন্যদিকে  ভারতে  অতিবৃষ্টি ও বন্যার কারণে কিছু অঞ্চলে পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে ওই দেশেও দাম ঊর্ধ্বমুখী। বাড়তি দামে পেঁয়াজ আমদানির কারণেই দেশের বাজারে দাম বাড়ছে।

তিনি আরো বলেন, আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ছয়দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। নতুন করে পেঁয়াজ প্রবেশ না করায় দেশের বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। এ কারণে মানুষ বাড়তি পেঁয়াজ কেনায় দেশের বিভিন্ন মোকামে চাহিদা বেশি। চাহিদা মেটাতে প্রতিদিনই বন্দর দিয়ে ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হওয়া দরকার। কিন্তু আমদানি হচ্ছে ২৫-৩০ ট্রাক। তবে পূজার বন্ধের পর বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হলে দাম কমতে পারে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে। বন্দর দিয়ে শনিবার একদিনেই ৩৪টি ট্রাকে ৯২৪ টন পেঁয়াজ আমদানি হয়। বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫০৪ টন আমদানি হয়েছিল। গতকালও পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করেছেন ক্রেতারা। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই দ্রুত খালাস করতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।