লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ থেকে পুনরায় লেনদেনে ফিরবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এর আগে গত বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ জুন সকাল ১০টায় এজিএম আহ্বান করেছে ব্যাংকটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৯ মে।
আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ১ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।










