রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর তিনি এ পদে যোগ দেন। রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার জাহিদ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মো. রফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষত অর্থনীতি বিষয়ে দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণাকর্ম তাকে একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মো. রফিকুল ইসলাম ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৪-০৬ সাল পর্যন্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. রফিকুল ইসলাম অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যানসহ রাজশাহী বিম্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রফিকুল ইসলাম ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।









