আন্তর্জাতিক ই-কমার্স কোম্পানি লাজাদা গ্রুপে সম্প্রতি ৮৪ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করেছে আলীবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন খুচরা ব্যবসার ক্ষেত্রে সি লিমিটেড ও অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে লাজাদা গ্রুপকে। এমন প্রেক্ষাপটে এর ব্যবসায়িক কার্যক্রমকে সম্প্রসারণ ও অধিকতর জোরদার করার লক্ষ্যে তাতে বিনিয়োগ করেছে আলীবাবা। বুধবার সিঙ্গাপুরের একটি নিয়ন্ত্রণ সংস্থার প্রকাশিত নথি থেকে এ বিনিয়োগের খবর নিশ্চিত হওয়া গেছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে ডটকম।

২০১৬ সালে লাজাদা গ্রুপের নিয়ন্ত্রণ নেয় আলীবাবা। রকেট ইন্টারনেট থেকে কয়েকটি ধাপে এ গ্রুপ কিনে নেয় আলীবাবা। তারপর থেকে এ পর্যন্ত লাজাদা গ্রুপে কয়েক শতকোটি ডলার বিনিয়োগ করেছে আলীবাবা। তবে নতুন বিনিয়োগের বিষয়ে আলীবাবা ও লাজাদা গ্রুপের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।

আলীবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের আন্তর্জাতিক অনলাইন শপিং ইউনিটের একটি অংশ লাজাদা গ্রুপ। এটিকে আলীবাবার অন্যতম হাই-প্রোফাইল আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে অ্যামাজন ও সি লিমিটেডের সঙ্গে প্রতিযোগিতা করছে লাজাদা গ্রুপ।

২০২২ সালে লাজাদা গ্রুপের জন্য অন্তত ১০০ কোটি ডলার তহবিল গঠনের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছিল আলীবাবা। এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আলীবাবা নিজেই লাজাদা গ্রুপে বিনিয়োগ করে।