ডেইমলার ট্রাকের প্রধান
আর্থিক কর্মকর্তা (সিএফও) জোচেন গোয়েটজ (৫২) আর নেই। গত শনিবার (৫ আগস্ট) এক ‘মর্মান্তিক
দুর্ঘটনায়’ তার মৃত্যু হয়। বিস্তারিত উল্লেখ না করে গতকাল রোববার এক
বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ডেইমলার কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
গোয়েটজ তার ৩৬ বছরেরও বেশি
সময়ের পেশাগত জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন ডেইমলার গ্রুপে।
প্রতিষ্ঠানটির প্রধান
নির্বাহী মার্টিন ডাউম বলেছেন, বর্তমান ডেইমলার ট্রাক কোম্পানির পেছনে জোচেন
গোয়েটজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিএফও হিসেবে কোম্পানির ভবিষ্যত আর্থিক
নিশ্চয়তার জন্য ধারাবাহিকভাবে কাজ করেছেন তিনি।
ডেইমলারের বিবৃতিতে বলা
হয়েছে, উচ্চ পর্যায়ের পেশাদারিত্বের পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ড গোয়েটজকে
স্বতন্ত্র করেছে।
গোয়েটজ সম্পর্কে প্রতিষ্ঠানের
তত্ত্বাবধায়ক বোর্ডের প্রধান জো কায়সার বলেন, কিছুদিন আগে তিনি দৃঢ় ও
আত্মবিশ্বাসের সঙ্গে সুপারভাইজরি বোর্ডের কাছে ‘কোম্পানির’ সফল অর্থনৈতিক
অগ্রগতির বিষয়টি তুলে ধরেছিলেন।
২০২১ সালের জুলাই থেকে
ডেইমলার ট্রাকের সিএফও-র দায়িত্ব পালন করে আসছিলেন জোচেন গোয়েটজ। ১৯৮৭ সালে এই কোম্পানির বিখ্যাত ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জের সঙ্গে যুক্ত হন তিনি।
মৃত্যুকালে স্ত্রী
ও দুই সন্তান রেখে গেছেন জোচেন গোয়েটজ।










