এ অংশীদারত্বের আওতায় সিএমএসএমই উদ্যোক্তারা সহজ শর্তে সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদে ঋণ সুবিধা পাবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আরেকটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটি টাকার সিএমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিলে (এফএসএফডিএমএসএমই) অংশ নেবে ব্যাংকটি। উভয় ঋণের মুনাফা হার হবে ৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) কেএম আওলাদ হোসেন।