চীনের সয়াবিন আমদানির পরিমাণ বেড়েছে। এপ্রিলে গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি সয়াবিন আমদানি করেছে দেশটি। এ সময় সারা বিশ্ব থেকে সাড়ে ৭৪ লাখ টন সয়াবিন আমদানি করেছে চীন। পাশাপাশি ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীনের শুল্ক বিভাগের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে অতিরিক্ত বৃষ্টির কারণে ক্রয়াদেশ পাওয়া সয়াবিনের কার্গোগুলো চীনে পৌঁছতে দেরি হয়ে যায়। এপ্রিলে এসব কার্গো চীনে পৌঁছানোয় এ মাসে ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ বেড়ে যায়।

চলতি বছরের এপ্রিলে ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫০ লাখ ৮০ হাজার টন। মার্চে আমদানি করা হয়েছিল ৩ লাখ ১৫ হাজার ৩৩৪ টন। তবে গত বছরের এপ্রিলের তুলনায় ব্রাজিল থেকে সয়াবিন আমদানির পরিমাণ কমেছে। এ সময় ৫৯ লাখ ৩৯ হাজার টন সয়াবিন আমদানি করা হয়। পশুখাদ্যের ক্রমবর্ধমান চাহিদার ফলে ব্যবসায়ীরা সয়াবিন ক্রয় বাড়িয়ে দিয়েছেন। এতে আমদানিতে চাঙ্গা ভাব ফিরে এসেছে।

রয়টার্স জানায়, ব্রাজিল থেকে সয়াবিন আসতে দেরি হওয়ায় চীনের ব্যবসায়ীরা এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ২১ লাখ ৫০ হাজার টন সয়াবিন আমদানি করে, যা গত বছরের একই সময় যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত সয়াবিনের তুলনায় তিন গুণ বেশি। এদিকে আফ্রিকায় সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে পশুখাদ্যে গমের পরিবর্তে সয়াবিনের ব্যবহার কমেছে।