দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টেকসই খাত হিসেবে এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একযোগে কাজ করছে বেসরকারি সংস্থা সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তাদের নেয়া কর্মপরিকল্পনা বিস্তারিত জানাতে আগামীকাল বিকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংলাপের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি।

গতকাল রাজধানীর তেজগাঁও চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (প্রাইভেট সেক্টর, গ্রিন এনার্জি ট্রানজেশন অ্যান্ড সোশ্যাল প্রটেকশন) ইশরাত শবনম, সলিডার সুইসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আমানউল্লাহ, বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। —বিজ্ঞপ্তি