মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য গতকাল অপরিবর্তিত ছিল। তবে পণ্যটি তিন মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যে লেনদেন হচ্ছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে পণ্যটির মূল্য নিম্নমুখী। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনপ্রতি ৩ হাজার ৬৮১ রিঙ্গিতে অপরিবর্তিত রয়েছে। চলতি সপ্তাহে দাম কমেছে ২ দশমিক ৮ শতাংশ।
কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং অ্যান্ড কনসালটিং কোম্পানি দ্য ফার্ম ট্রেডের পরিচালক সন্দ্বীপ সিং জানান, যুক্তরাষ্ট্রে আবাদের পরিমাণ বৃদ্ধি এবং অর্থনীতি নিয়ে আশঙ্কার কারণে সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য নিম্নমুখী। মালয়েশিয়ার ক্রমবর্ধমান মজুদ ভোজ্যতেলের বাজারকে চাপে ফেলেছে। কার্গো সার্ভেয়ার ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস সম্প্রতি জানিয়েছে, মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগস্টের প্রথম ২০ দিনের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।










