মহামারীজনিত মন্দা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় গতি পাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতেও। চীনে শিল্প খাতের পুনরুদ্ধারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পণ্যের পাইকারি দামও। খবর এএফপি।
সম্প্রতি প্রকাশিত চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্য-উপাত্তে দেখা গেছে, গত মাসে দেশটির কমোডিটি উৎপাদনের ব্যয় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। চীনে পণ্য উৎপাদন ব্যয় বৃদ্ধির হার বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। মূলত প্রডিউসার প্রাইস ইনডেক্সের (পিপিআই) মাধ্যমে পণ্যের পাইকারি মূল্য পরিমাপ করা হয়।
পরিসংখ্যান বলছে, প্রথমবারের মতো চলতি বছরের জানুয়ারিতে চীনের পিপিআই বেড়েছে। এরপর ২০১৮ সালের পর থেকে চীনের বাজারে পণ্যের পাইকারি দাম সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধির রেকর্ড স্পর্শ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে।
এনবিএসের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ডং লিজুয়ানের মতে, পেট্রোলিয়ামনির্ভর শিল্প-কারখানাগুলোর কার্যক্রম বাড়ার ফলে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মূল্যের ক্ষেত্রেও এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। দেশটিতে ধাতব পণ্য উৎপাদক শিল্পপ্রতিষ্ঠানের কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতব পণ্যের স্থানীয় চাহিদা বেড়ে যায়, যা এর মূল্যবৃদ্ধির গতিকে ত্বরান্বিত করে বলেও মনে করেন লিজুয়ান।










