সাপ্লাই চেইনে যে প্রতিবন্ধকতা রয়েছে সম্প্রতি উল্লেখযোগ্যভাবে কাটিয়ে উঠেছে জার্মানি। ফলে চলতি বছরের শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং খাতে উৎপাদন বেড়েছে দেশটিতে। খবর রয়টার্স।

ভিডিএমএ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জার্মানির ইঞ্জিনিয়ারিং সেক্টরে উৎপাদন ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরের শুরুটা ভালো হলেও সম্পূর্ণ বছরের জন্য ভিডিএমএর পূর্বাভাস ইতিবাচক নয়। চার হাজার ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রতিনিধিত্বকারী সংস্থাটি বলছে, গত বছরের তুলনায় খাতটির সামগ্রিক উৎপাদন ২ শতাংশ কমতে পারে। এক বিবৃতিতে ভিডিএমএর প্রধান কার্ল হেউসেন বলেন, ‘ক্রয়াদেশ বাড়ার কারণে বর্তমানে আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এর বাস্তব চিত্র ফুটে উঠবে।’ প্রতিবেদন বলছে, জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর ক্রয়াদেশ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ কমেছে।