কাঁচামাল আমদানিতে উচ্চশুল্কের কারণে কোরিয়ান কোম্পানিগুলোকে প্রতিকূলতায় পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। তিনি বলেন, ‘স্যামসাং মোবাইল ফোনসহ ভোক্তাদের চাহিদা অনুযায়ী ইলেকট্রনিক পণ্য তৈরি করছে। চলতি বছর থেকে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গাড়ি অ্যাসেম্বল করছে হুন্দাই। দেশীয় উৎপাদনের মাধ্যমে এসব কোম্পানি ভালো করছে। তবে কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের ওপর উচ্চশুল্ক, মোবাইল ফোন চোরাচালান এবং পুরনো গাড়ি বিক্রির কারণে এসব কোম্পানিকে প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।’ গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। কোরিয়ান বিনিয়োগকারীদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম ও বিনিয়োগ দৃষ্টিভঙ্গি নিয়ে এ সেমিনারের আয়োজন করে ঢাকার কোরিয়ান দূতাবাস।

রাষ্ট্রদূত বলেন, ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতায় (সিএসআর) কোরিয়ান কোম্পানিগুলো প্রতিশ্রুতিবদ্ধ। সিএসআর শুধু একটি নিছক শব্দ নয়, আমরা যে কমিউনিটির সঙ্গে কাজ করি তার প্রতিদানের প্রতিশ্রুতি। বাংলাদেশ অবকাঠামো উন্নয়নে অপার সম্ভাবনা দেখিয়েছে। কোরিয়া বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে চায়, যেমনটি আমরা আরএমজি সেক্টরে করেছি। আমি দৃঢ়ভাবে আশা করি, অনেক চলমান অবকাঠামো প্রকল্পের খুব সহজে অগ্রগতি হবে এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।’

তিনি আরো বলেন, ‘গত ৫০ বছরের অর্জনের ওপর ভিত্তি করে কোরিয়া এবং বাংলাদেশ উভয়ই একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের এ গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করছি। এ যাত্রায় সিএসআর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, ‘বাংলাদেশে দুই শতাধিক কোরিয়ান কোম্পানি বিনিয়োগ করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইয়ংওয়ান, স্যামসাং, এলজি, উরি ব্যাংক ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রমে আমরা খুব খুশি। কেননা এসব প্রতিষ্ঠান শুধু লাভের দিকে না তাকিয়ে মানবতার দিকেও লক্ষ্য রাখে।’

বিডা চেয়ারম্যান আরো বলেন, ‘বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। ফলে বিনিয়োগ আরো বাড়বে।’

বিডার পরিচালক জসিম উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বৈষম্য নেই। উভয়ে সমান সুযোগ পেয়ে থাকেন। আমরা সব সময়েই বিনিয়োগকে স্বাগত জানাই। এখানে বিনিয়োগকারীরা সহজলভ্য শ্রমের সুযোগ নিয়ে যেকোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন।’

এ সময় স্যামসাং আর অ্যান্ড ডি, উরি ব্যাংক, কোরিয়া এক্সপ্রেসওয়ে, দোহওয়া ইঞ্জিনিয়ারিং, এলজি, ইয়ংওয়ান, পোসকো ই অ্যান্ড সি, স্যামসাং ইলেকট্রনিকস, স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশনের পক্ষ থেকে কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতা প্রতিবেদন (সিএসআর) তুলে ধরা হয়। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদাত, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (কেবিসিসিআই) সভাপতি সাহাব উদ্দিন খান, কোটরার কান্ট্রি ডিরেক্টর স্যাম সু কিম, সিএসআর সেন্টারের সিইও শাহমিন এস জামান প্রমুখ।