চলতি বছর তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ কমেছে ৩৩%। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ত্রৈমাসিক পরিসংখ্যানে এ তথ্যের উল্লেখ রয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর—এ তিন মাসে ২২৭টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২০৩টি শিল্প ইউনিট স্থানীয় ও ১২টি শতভাগ বিদেশী। যৌথ বিনিয়োগ রয়েছে ১২টির। নিবন্ধিত এ প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২০ হাজার ৯৬২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা। প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ১০ হাজার ৮৬৯ কোটি ১৯ লাখ ৯২ হাজার স্থানীয়। বিদেশী বিনিয়োগ প্রস্তাব ১০ হাজার ৯৩ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে শতভাগ বিদেশী ও যৌথ বিনিয়োগের পরিমাণ ছিল ৩১ হাজার ৬১০ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশী বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ।










