সৌদি আরব আগামী কয়েক বছরে পানি উন্নয়ন প্রকল্পে ৮ হাজার কোটি ডলার ব্যয় করবে। নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে খাবার পানি সরবরাহ করতে এ অর্থ ব্যয় করবে দেশটি। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, ২২-২৪ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত ‘জাতিসংঘ ২০২৩ ওয়াটার কনফারেন্স’-এ দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের পানিবিষয়ক উপমন্ত্রী ড. আবদুল আজিজ আল-শাইবানি এ তথ্য জানিয়েছেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

আল-শাইবানি জানিয়েছেন, সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের খাবার পানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে বৃহৎ পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। পদক্ষেপটি সেই পরিকল্পনারই অংশ। দেশটির নতুন প্রণীত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং উচ্চমানসম্মত ও দক্ষ পরিষেবা সরবরাহ করা।

এ প্রসঙ্গে আল-শাইবানি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে সৌদির মোট জনসংখ্যার ৯৫ শতাংশেরও অধিক মানুষ স্বাস্থ্যসেবা পাবে। এ উদ্দেশ্যে সরকার এরই মধ্যে একটি ন্যাশনাল ওয়াটার এফিসিয়েন্সি অ্যান্ড কনসারভেশন সেন্টার প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করতে নতুন উদ্যোগও ঘোষণা করা হয়েছে।