২০২১-২২ মৌসুমের প্রথমার্ধে সৌদি আরবের যব আমদানির পরিমাণ ৩০ শতাংশ কমে আসবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি পরিমাণ হ্রাস পাবে। মূলত পরিবহন জাহাজস্বল্পতার জন্য দেশটির যব আমদানির পরিমাণ কমবে বলে পূর্বাভাস দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবা বিভাগ।
চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে সৌদি আরবের মোট যব আমাদানির পরিমাণ দাঁড়াতে পারে ২৮ লাখ টন। ইউএসডিএ জানায়, পণ্য জাহাজীকরণের জন্য চীনের বন্দরে অপেক্ষমাণ অথবা খালাসের জন্য চীনের বন্দরগুলোতে আটকে থাকা জাহাজের ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে সৌদি আরবের আমদানির জন্য প্রয়োজনীয় জাহাজ সংকট তৈরি হয়েছে। পণ্যটির আমদানি কমে আসার পাশাপাশি মূল্যবৃদ্ধির ঘটনাও ঘটেছে।
২০২১-২২ সালে সৌদি আরবের মোট যব আমদানির পরিমাণ দাঁড়াবে ৫৫ লাখ টন। ইউএসডিএর পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় এটি ২১ শতাংশ কম। এর আগে এ সময়ের জন্য সৌদি আরবের যব আমাদানির পরিমাণ ৭০ লাখ টন দাঁড়াবে বলে জানিয়েছিল ইউএসডিএ।
সৌদি আরবে যব রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তবে তীব্র জাহাজ সংকটের কারণে রফতানি প্রক্রিয়া সম্পন্ন করতে বেগ পেতে হচ্ছে দেশটিকে। বিভিন্ন দেশে পূর্ব প্রতিশ্রুত গম ও ক্যানোলা রফতানির জন্য এসব জাহাজ ব্যবহূত হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে যব রফতানির জন্য তিন মাস পিছিয়ে আসে অস্ট্রেলিয়া।










