অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন খাতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ব্রাজিল। আগামী ১০ বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন রেকর্ড সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে ব্রাজিলের। লক্ষ্যমাত্রা অর্জিত হলে ২০৩০ সালের মধ্যে রফতানিকারক দেশগুলোর তালিকায় শীর্ষ পাঁচে উঠে আসতে পারে লাতিন আমেরিকার সর্ববৃহৎ এ দেশ। ব্রাজিলের খনিজ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী বেন্টো কস্তা লিমা দেশটির সংবাদমাধ্যম দ্য রিও টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ব্রাজিল দৈনিক ৫৩ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হবে। উত্তোলন বাড়লে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি মজুদও বৃদ্ধি পাবে। এতে করে রফতানিতে বড় পরিসরে প্রবৃদ্ধি আসবে। চলতি দশকের মধ্যেই দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ রফতানিকারক দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। বর্তমানে ব্রাজিল দৈনিক ৩৩ লাখ টন করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করছে। চলতি বছর থেকে উত্তোলন ক্রমে বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।

বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে আধিপত্য করছে সৌদি আরব। তালিকায় শীর্ষ ১০ রফতানিকারক দেশের মধ্যেও নেই ব্রাজিল। তবে এক দশকের মধ্যে শীর্ষ পাঁচে উঠে আসার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে দেশটির।

ব্রাজিলের গভীর সমুদ্রের উর্বর তেলকূপগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেল উত্তোলন গতিশীল করতে এটি প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে। চলতি বছর আন্তর্জাতিক বাজারে নন-ওপেক দেশগুলোর তেল সরবরাহ বাড়াতে বড় ভূমিকা রাখবে এ দেশ।

জ্বালানি তেলবাজারবিষয়ক সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে ওপেক জানায়, চলতি বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃৃদ্ধিতে ব্রাজিলের পাশাপাশি কানাডা, চীন ও নরওয়েও বড় ভূমিকা রাখবে।

ওপেকের প্রাক্কলন অনুযায়ী, এ বছরের মার্চে ব্রাজিল দৈনিক গড়ে ২৯ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে। এপ্রিলে দেশটি দৈনিক ১ লাখ ২৮ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়ায়। মে মাসে উত্তোলন দৈনিক ৫০ লাখ ব্যারেল করে বৃদ্ধি করা হয়েছে। এ সময় রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস পাওয়ায় উত্তোলনে ঊর্ধ্বমুখিতা অব্যাহত ছিল।

ব্রাজিলের অপরিশোধিত জ্বালানি তেল খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল এজেন্সি অব পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড বায়োফুয়েলস (এএনপি)। গত মাসে সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ব্রাজিলের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধি পায় ৫ দশমিক ৭ শতাংশ। এ সময় উত্তোলনের পরিমাণ দাঁড়ায় দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে। এর মধ্যে শুধু গভীর সমুদ্রের তেলকূপগুলো থেকেই উত্তোলন করা হয়েছে দৈনিক গড়ে ২০ লাখ ব্যারেল।

এএনপি আরো জানায়, উত্তোলনে উল্লম্ফনের কারণে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধি পায়। ২০২০ সালে দেশটি বিশ্ববাজারে দৈনিক ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে, যা এর আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।