ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি জাভেদ আখতার ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিডা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিডা নির্বাহী চেয়ারম্যান নতুন ফিকি পরিচালনা পর্ষদকে (২০২৪-২৫) অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিডা দীর্ঘদিন ধরে এফআইসিসিআইয়ের সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বৃদ্ধি এবং বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করে আসছে। বিডা বরাবরই এ দেশে বিদেশী বিনিয়োগকারীদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। বিডা ওয়ান স্টপ সার্ভিসকে কীভাবে আরো জনপ্রিয় করা যায়, সে বিষয়ে আমরা এফআইসিসিআইয়ের সঙ্গে একযোগে কাজ করব।

পাশাপাশি জ্ঞানভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ বাড়াতেও কাজ করব আমরা।’ 

এফআইসিসিআই সভাপতি বলেন, ‘বিশ্বব্যাপী প্রতিকূল অর্থনৈতিক মন্দা আমাদের দেশেও বিভিন্ন ব্যবসায়িক চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিডা ও এফআইসিসিআইয়ের অংশীদারত্বমূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজন। এফআইসিসিআইয়ের সদস্য কোম্পানিগুলো চলমান সংকট নিরশনে প্রতিনিয়ত কাজ করছে। এ ব্যাপারে বিডার সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে বলে আমরা আশা করছি।’ —বিজ্ঞপ্তি