আন্তর্জাতিক বাজারে গতকাল তামার দাম বেড়ে দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। অনানুষ্ঠানিক বিনিয়োগকারীরা তামা কেনার পরিমাণ বাড়িয়ে দেয়ায় ধাতুটির বাজারদরে এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৯৭১ ডলার ৫০ সেন্টে। অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জুনে সরবরাহ চুক্তিতে তামার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮০ হাজার ৬৮০ ইউয়ানে।
এলএমইতে এ নিয়ে টানা চতুর্থ সপ্তাহের মতো তামার দাম বাড়ল। ইনডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসহ বিভিন্ন ফান্ডে ধাতুটির চাহিদা এবং এতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্য হারে। সম্প্রতি ধাতুটির ক্রয়প্রবণতা বেড়েছে। বিপরীতে বিক্রির প্রবণতা কম।
জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জোর দিচ্ছে বর্তমান বিশ্ব। ফলে এ খাতে অপরিহার্য ধাতু তামার চাহিদা বাড়ছে লাফিয়ে। কিন্তু বৈশ্বিক সরবরাহ সংকটে এ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ও চাহিদার মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের কারণে আকাশচুম্বী হয়ে উঠেছে দাম। দুই বছরের মধ্যে তামার বৈশ্বিক দাম ৭৫ শতাংশেরও বেশি বাড়তে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষরা।
ধাতুটিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ ও শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক। বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাসও তামার চাহিদা বৃদ্ধিতে বড় প্রভাব রাখছে।










