দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে দেশের বৃহত্তম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন। এর মধ্য দিয়ে দেশের সংগঠিত খুচরা বাজারের বিকাশে নতুন একটি মাইলফলক যুক্ত হয়েছে।

গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজলভ্য করতে দীর্ঘদিন ধরে কাজ করছে স্বপ্ন। ১ হাজার ১টি আউটলেটে পৌঁছানোর অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন।

স্বপ্নের এই বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেয়া এবং প্রতিষ্ঠানটির পণ্য ও সেবার ওপর আস্থা রাখাই দেশজুড়ে সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু আউটলেটের সংখ্যা বাড়ানো নয়, প্রতিটি নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছানোই স্বপ্নের লক্ষ্য। একই সঙ্গে নির্ভরযোগ্য, আধুনিক ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্য সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে স্বপ্নের কার্যক্রম ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ১ হাজার ১টি আউটলেটে পৌঁছানো প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এ অর্জন শুধু স্বপ্নের নয়, বরং প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাই স্বপ্নের সবচেয়ে বড় শক্তি। এ বিশ্বাস আরো দৃঢ় করতে ভবিষ্যতে ভালো পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হবে।

তিনি আরো বলেন, আধুনিক খুচরা বিক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ শুধু বড় নেটওয়ার্ক তৈরিতে নয়। গ্রাহকের প্রয়োজন বোঝা, মানসম্মত পণ্য নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং আস্থার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার মধ্যেই এর ভবিষ্যৎ নিহিত।

দেশে সংগঠিত খুচরা বিক্রয় ব্যবস্থার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে স্বপ্ন ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পণ্যের মান, প্রাপ্যতা, মূল্যসাশ্রয়, সেবা ও গ্রাহকসুবিধা আরো উন্নত করার ওপর গুরুত্ব দেবে। এই মাইলফলক সামনে রেখে দেশের আরো বেশি মানুষের কাছে আধুনিক ও আস্থার কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেয়াই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

—বিজ্ঞপ্তি