চার দিনব্যাপী জমকালো আয়োজনে শেষ হয়েছে ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এসময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ নিজস্ব কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করে থাকে। অন্যান্য খেলার মতো আগামী দিনগুলোয় তারা স্কোয়াশ খেলার পৃষ্ঠপোষকতা করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, সম্পদের সীমাবদ্ধতা ও নিজস্ব কোর্ট না থাকা সত্ত্বেও আমরা গত পাঁচ বছরে একটি পরিকল্পনার আওতায় স্কোয়াশ খেলাকে এগিয়ে নিতে পেরেছি। এই ধারা বজায় থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ স্কোয়াশে ভালো করবে। তিনি আরও জানান, আগামী এসএ গেমসের জন্য মানসম্পন্ন দল গঠন ও পদক জয় করাই এখন ফেডারেশনের প্রধান লক্ষ্য।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্পোর্টস কাউন্সিলের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব) মোহসিনুল করিমসহ উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকে।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১৩ অক্টোবর। যা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।

-বিজ্ঞপ্তি