২০২৩ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় রাশিয়ার কয়লা রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। দেশটির প্রচলিত শীর্ষ বাজার ইউরোপে নিষেধাজ্ঞার কারণে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে এশিয়ার বাজারকে বেছে নিয়েছে রাশিয়া। এক বছরের ব্যবধানে রফতানি প্রায় দ্বিগুণ বেড়েছে। জ্বালানি পণ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এতে বলা হয়, চীন ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় ২০২৩ সালে রাশিয়া ১ কোটি ৩১ লাখ টন কয়লা রফতানি করে, আগের বছরের তুলনায় যা ৪৭ শতাংশ বেশি।

কেপলার জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে গত বছর শ্রীলংকা রাশিয়া থেকে কয়লা আমদানি প্রায় সাড়ে চার গুণ বাড়িয়েছে। আমদানি করেছে ১৬ লাখ টন। ভিয়েতনামের আমদানি প্রায় দ্বিগুণ বেড়ে ৩৯ লাখ টনে উন্নীত হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার আমদানি ১৮ শতাংশ বেড়ে ৩৮ লাখ টন এবং ইন্দোনেশিয়ার আমদানি ৩৪ লাখ টনে পৌঁছেছে। মিয়ানমারে সরবরাহ ১০ শতাংশ বেড়ে ৪১ হাজার টনে দাঁড়িয়েছে। ওই বছর রাশিয়া থেকে বাংলাদেশ ৪৮ হাজার টন কয়লা কিনেছে।

তথ্য বলছে, বর্তমানে মস্কোর সবচেয়ে বড় এশিয়ান বাণিজ্যিক অংশীদার বেইজিং। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ কয়লা রফতানি করেছে তার ৪০ শতাংশই কিনেছে চীন। এছাড়া ২০ শতাংশ ভারত এবং ১৩ শতাংশ কিনেছে দক্ষিণ কোরিয়া।

চীনের শুল্ক বিভাগের দেয়া তথ্যমতে, দেশটি গত বছরের ডিসেম্বরে রেকর্ড ৪ কোটি ৭৩ লাখ টন কয়লা আমদানি করে। ২০২৩ সালে দেশটি ইতিহাসের সর্বোচ্চ কয়লা আমদানি করেছে।

কেপলারের প্রাথমিক প্রাক্কলন অনুসারে, গত বছর রাশিয়া চীনের বাজারে ১০ কোটি ৪০ লাখ টন কয়লা রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একসময় রুশ কয়লার সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন রুশ কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর থেকেই মূলত এশিয়ান কয়লার বাজারে রাশিয়ার আধিপত্য বাড়ছে।

২০২৩ সালে বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ কয়লা রফতানি হয়েছে। ওই বছর প্রথমবারের মতো রফতানি ১০০ কোটি টন ছাড়িয়ে যায়। মূলত বিদ্যুৎ গ্রিডে জ্বালানিটির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে রফতানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে।

বাজার পরামর্শক প্রতিষ্ঠান কেপলারের দেয়া তথ্যমতে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ১০০ কোটি ৪০ লাখ টন তাপীয় কয়লা রফতানি হয়েছে। ২০২২ সালের তুলনায় রফতানি ৬ কোটি ২৫ লাখ টন বা ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে।