তিনি বর্তমানে নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক। তারপর ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। এর আগে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফজলুল হক।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশের মাধ্যমে মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। তারপর থেকে পদটি ফাঁকা ছিল। নতুন নিয়োগটি ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের দায়িত্ব দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে ফজলুল হককে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।









