করোনা মহামারীর প্রভাব কাটতে শুরু করায় কৃষি খাতে সমৃদ্ধি আসছে রাশিয়ার। উৎপাদনের পাশাপাশি বড় পরিসরে কৃষিপণ্যের রফতানি বাড়িয়েছে দেশটি। চলতি বছরের শুরু থেকে ১১ জুলাই পর্যন্ত রাশিয়া সব মিলিয়ে ১ হাজার ৫৬০ ডলারের কৃষিপণ্য রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের এগ্রোএক্সপোর্ট সেন্টারের বরাত দিয়ে কৃষিপণ্য-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত রাশিয়া ৪৩৭ কোটি ৩০ লাখ ডলারের খাদ্যশস্য রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। ফ্যাট ও ভোজ্যতেলজাত পণ্য রফতানি হয়েছে ৩৬২ কোটি ডলারের।

রাশিয়ার কৃষিপণ্যের সবচেয়ে বড় ক্রেতা ছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অঞ্চলের দেশগুলো রাশিয়া থেকে ১৯২ কোটি ১০ লাখ ডলারের কৃষিপণ্য আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি। চীনে কৃষিপণ্য সরবরাহ বেড়েছে ৪ শতাংশ। দেশটি রাশিয়া থেকে ১৯১ কোটি ২০ লাখ ডলারের কৃষিপণ্য ক্রয় করে। এছাড়া তুরস্কে ১৮০ কোটি ৮০ লাখ, দক্ষিণ কোরিয়ায় ১১৭ কোটি ২০ লাখ ও কাজাখস্তানে ৯৬ কোটি ১০ লাখ ডলারের কৃষিপণ্য রফতানি করা হয়েছে।

এপিকে ইনফর্ম জানায়, রাশিয়ার খাদ্যশস্যের প্রধান গন্তব্য তুরস্ক। দেশটিতে ১১ জুলাই পর্যন্ত ৬৫ কোটি ৩০ লাখ ডলারের খাদ্যশস্য রফতানি করা হয়েছে। তুরস্কে ফ্যাট ও ভোজ্যতেলজাত পণ্য রফতানি করা হয়েছে ৭১ কোটি ৮০ লাখ ডলারের।