দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে দুজনের নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়োগপ্রাপ্তরা হলেন মো. শহীদুল ইসলাম ও কাউসার আহমেদ। সংস্থাটির ৮৬৯তম কমিশন সভায় গতকাল এ নিয়োগ অনুমোদন দেয়া হয়। মো. শহীদুল ইসলাম পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বি.কম ও এম.কম সম্পন্ন করেন। আর কাউসার আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।