চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমে তিন বছরের সর্বনিম্নে নেমেছে। দাম বেড়ে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত পরিশোধন প্রতিষ্ঠানগুলো পণ্যটি ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে সীমিত আমদানি কোটার কারণে বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠানগুলোও বাধার মুখে রয়েছে। এসব কারণে মোট আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে।
চীন বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক। অক্টোবরে দেশটি ৩ কোটি ৭৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, যা দৈনিক ৮৯ লাখ ব্যারেলের সমান। সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল দৈনিক ৯৯ লাখ ৯০ হাজার ব্যারেল। এছাড়া গত বছরের অক্টোবরে আমদানি করা হয় দৈনিক ১ কোটি ২০ হাজার ব্যারেল। অর্থাৎ শুধু এক মাসের ব্যবধানে নয়, বরং এক বছরের ব্যবধানেও আমদানি কমেছে। এ নিয়ে টানা দুই মাসের মতো আমদানি কমল।
শুল্ক বিভাগের তথ্য বলছে, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে চীন সব মিলিয়ে ৪২ কোটি ৫০ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। দৈনিক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ১০ হাজার ব্যারেলে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৭ দশমিক ২ শতাংশ কমেছে। চলতি বছর কভিড-১৯ জনিত বিধিনিষেধ থেকে মুক্তি পেতে শুরু করে বিশ্ব অর্থনীতি। বাড়তে থাকে জ্বালানির চাহিদা। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬২ শতাংশ বাড়ে। পণ্যটির আকাশছোঁয়া দামের কারণে আমদানি কমাতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা।
তথ্য বলছে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কোটার বাইরে অবৈধ বাণিজ্যের ওপর কড়াকড়ি আরোপ করেছে বেইজিং। অন্যদিকে আমদানিতে ভর্তুকি কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছেন বেসরকারি আমদানিকারকরা। শুল্ক বিভাগ জানায়, অক্টোবরে চীনের পরিশোধিত জ্বালানি তেলপণ্য রফতানিও কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৮ শতাংশ কম।
এদিকে জ্বালানি তেল আমদানি কমলেও বেড়েছে প্রাকৃতিক গ্যাস আমদানি। অক্টোবরে পাইপলাইন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারে মোট ৯৩ লাখ ৮০ হাজার টন গ্যাস আমদানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬ শতাংশ বেশি।
চলতি বছরের বাকি সময়ের জন্য বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠানগুলোকে ১ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির কোটা বেঁধে দিয়েছে বেইজিং। দেশটির সবচেয়ে বড় পরিশোধক ঝিজিয়াং পেট্রোকেমিক্যাল করপোরেশন পেয়েছে ১ কোটি ২০ লাখ টনের কোটা।










