চলতি বছরে বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রির রেকর্ড গড়তে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তার সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে ১ কোটি ৪০ লাখ ইভি বিক্রি হতে পারে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। খবর কিয়োদো এজেন্সি।

গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল আউটলুক প্রতিবেদনে আইইএ জানায়, বৈশ্বিক গাড়ি বাজারে ২০২৩ সালে ইভির হিস্যা ১৮ শতাংশে পৌঁছাতে পারে। ২০২০ সালে যেখানে ইভির হিস্যা ছিল ৪ শতাংশ।

এপ্রিলের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে আইইএ জানায়, গত বছরে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন ইভি বিক্রির চাঙ্গা বৃদ্ধিতে চলতি বছর নিয়ে আশাবাদী হওয়া যায়। ২০২২ সালে ইভি ও প্লাগ-ইন গাড়ি বিক্রি এক কোটি ইউনিট ছাড়িয়ে গেছে, যা পূর্ববর্তী বছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি। 

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এক সংবাদ বিবৃতিতে বলেন, ‘‌ইভি হচ্ছে প্রথম ধাপ মাত্র। শিগগিরই আসছে বিদ্যুচ্চালিত বাস ও ট্রাক। ইভি নির্ভরতায় ২০৩০ সালের মধ্যে জ্বালানি তেলের দৈনিক চাহিদা অন্তত ৫০ লাখ ব্যারেল কমবে।’

২০২২ সালে ৬০ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ ইভি বাজার ছিল চীন। বিশ্বের বৃহত্তম এ গাড়ি বাজারে স্থানীয় কোম্পানির ইভি বিক্রি ২৯ শতাংশ বেড়েছে, যা ২০২১ সালে ছিল ১৬ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ ইভি বাজার ছিল যথাক্রমে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এ দুই বাজারে ২০২২ সালে ইভি বিক্রি হয়েছে যথাক্রমে ১৫ ও ৫৫ শতাংশ।