চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন কমেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইউনানের একটি বিগলন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া বিগলন কেন্দ্রগুলোয় জ্বালানি ব্যবহার সীমিত করার কারণেও উৎপাদন কমছে। খবর রয়টার্স।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক। নভেম্বরে দেশটি ৩১ লাখ টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করেছে। অক্টোবরের তুলনায় উৎপাদন কমেছে ১ দশমিক ৮ শতাংশ।
রয়টার্সের হিসাব অনুযায়ী, নভেম্বরে চীনের দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদন দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩০০ টনে। অক্টোবরে দৈনিক উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার টন।
তথ্য বলছে, ইউনান প্রদেশে ১৮ নভেম্বর বার্ষিক তিন লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতার একটি বিগলন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। এতে বিগলন কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে মাসভিত্তিক উৎপাদনে।
অন্যদিকে অক্টোবরে দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে। নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। ফলে বিগলন কেন্দ্রগুলোয় জ্বালানি ব্যবহার সীমিত করার নির্দেশনা দেয় দেশটির সরকার। এটিও উৎপাদন হ্রাসে ভূমিকা রেখেছে।
যদিও চলতি বছরের ১১ মাসে চীনের অ্যালুমিনিয়াম উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ। এ সময় উৎপাদন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টন অ্যালুমিনিয়াম।










