স্কয়ার টেক্সটাইলস পিএলসির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিক্রি বাবদ সমন্বিত আয় বেড়েছে ২১ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফাও বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৯৭২ কোটি ৪১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০১ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বা ২১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা বা ৮ দশমিক ১০ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮২ পয়সায়। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৮ পয়সায়।
আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৫৩১ কোটি ২৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪০৬ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৮ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯২ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের মুনাফা হয়েছে ১১৪ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৯৫ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৯৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
স্কয়ার টেক্সটাইলসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসে সমন্বিত ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৬৯ পয়সা। আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল স্কয়ার টেক্সটাইলসের শেয়ারের সর্বশেষ দর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। সমাপনী দর ছিল ৫২ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৬ টাকা ৬০ পয়সা ও ৬৭ টাকা ৫০ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৯৭ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৬৭ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৭২ লাখ ৫২ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬১ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৪৮, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক শূন্য ৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।










