মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের আয়ের রেকর্ড প্রকাশ হয়েছে সম্প্রতি। প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে আয় গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে ২ হাজার ৪৮৫ কোটি রুপি দাঁড়িয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদা বৃদ্ধি ও খরচ কমিয়ে আনার প্রচেষ্টায় সফলতা হিসেবে বেড়েছে আয়। চলতি বছরের জুনে সমাপ্ত হওয়া প্রান্তিকে ভারতের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিক্রি ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৪৫ কোটি রুপি।

কোম্পানি মোট ৪ লাখ ৯৮ হাজার ৩০টি গাড়ি বিক্রি করেছে প্রথম প্রান্তিকে। গত বছরের একই সময় থেকে ৬ দশমিক ৪ শতাংশ বেশি। অভ্যন্তরীণ বাজারে বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৮১২টিতে।

তবে রফতানি ছিল তুলনামূলক কম। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিক্রি হয়েছে ৬৩ হাজার ২১৮টি গাড়ি, বিপরীতে গত বছরের একই সময়ে বিক্রি ছিল ৬৯ হাজার ৪৩৭টি। বৈদ্যুতিক সরঞ্জামের ঘাটতির কারণে ২৮ হাজার গাড়ি উৎপাদন ব্যাহত হয়েছে।