জানুয়ারিতে ব্রাজিলের অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে। জ্বালানি পণ্যের ঊর্ধ্বমুখী দাম, রক্ষণাবেক্ষণ কার্যক্রম, বৈরী আবহাওয়ার কারণে রসদ সরবরাহে বিপত্তিসহ নানা কারণে উৎপাদনে নিম্নমুখিতা দেখা দেয়। দেশটির ন্যাশনাল স্টিল অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, জানুয়ারিতে ব্রাজিল ২৯ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। বছরের প্রথম মাসে শিল্প ধাতুটি ১৪ লাখ টন বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম।

এদিকে শুধু উৎপাদন ও বিক্রিই নয়, কমেছে ব্যবহারও। জানুয়ারিতে ব্রাজিলে ১৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত ব্যবহার হয়, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কম।

তবে গত মাসে শিল্প ধাতুটির রফতানি বাড়াতে সক্ষম হয়েছে লাতিন আমেরিকার এ দেশ। এ সময় সব মিলিয়ে ১২ লাখ টন অপরিশোধিত ইস্পাত রফতানি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৬ দশমিক ৭ শতাংশ বেশি। ধাতুটি থেকে রফতানি আয়ের পরিমাণ বেড়েছে ২১০ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে জানুয়ারিতে দেশটি ২ লাখ ৯৬ হাজার টন অপরিশোধিত ইস্পাত আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ।