চলতি অর্থবছরে (এপ্রিল-মার্চ) নিট মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে হোন্ডা মোটরস। এ সময়ে মুনাফা ৪৯০ কোটি ডলার বা ৭২ হাজার ৫০০ কোটি ইয়েন মুনাফার আশা করছে জাপানি সংস্থাটি। যেখানে এর আগে ৭১ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস দেয়া হয়েছিল। গাড়ি বিক্রি কমা সত্ত্বেও ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়ন সংস্থাটির মুনাফা বাড়াতে সহায়তা করছে। খবর কিয়োদো নিউজ।
চলতি বছর হোন্ডা মোটরসের নিট মুনাফার পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৫ শতাংশ বেশি। মুনাফার পাশাপাশি আয়ের পূর্বাভাসও বাড়িয়েছে সংস্থাটি। চলতি অর্থবছরে ১৭ লাখ ৪০ হাজার কোটি ইয়েন আয়ের আশা করছে সংস্থাটি। যেখানে আগের পূর্বাভাসে ১৬ লাখ ৮০ হাজার কোটি ইয়েন আয়ের কথা বলা হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে হোন্ডা মোটরসের পরিচালন নির্বাহী ইজি ফুজিমুরা বলেন, আমাদের রেকর্ড বিক্রির পূর্বাভাসে গর্বিত নই। কারণ বিশ্বব্যাপী আমাদের গাড়ি বিক্রি রেকর্ড করতে পারেনি। ডলারের বিনিময়ে ইয়েনের পতনের কারণে পূর্বাভাসেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
পূর্বাভাসে চলতি অর্থবছর হোন্ডা মোটরস ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১২৫ থেকে ১৩৫ ইয়েন নির্ধারণ করেছে। গত মার্চ থেকেই ইয়েনের বিনিময় মূল্য নিম্নমুখী রয়েছে এবং গেল অক্টোবরে এটি ৩২ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।










