পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২-২৩ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ৪ শতাংশ স্টকের পাশাপাশি ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পাওয়ার পর এরই মধ্যে ঘোষিত স্টক লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সায়।










