চীনকে ঘিরে কার্যক্রম সম্প্রসারণে মনোযোগী বৈশ্বিক বন্দর জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পূর্ব সাংহাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চল লিন-গ্যাং এলাকায় প্রয়োজনীয় রশদ সরবরাহ ও বাণিজ্য বিকাশ করতে আগ্রহী দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর আরব নিউজ।

সম্প্রতি এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানায়, এখন থেকে তারা সাংহাই লিন-গ্যাংয়ের ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রুপের সঙ্গে কাজ করবে। এক্ষেত্রে তারা ব্যবহার করবে ওয়ার্ল্ড লজিস্টিক পাসপোর্ট (ডব্লিউএলপি) কর্মসূচি। এটি মূলত বিশ্ববাণিজ্যের প্রবাহকে বাড়ানোর লক্ষ্যে গৃহীত বেসরকারি খাতের নেতৃত্বাধীন উদ্যোগ।

ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরো বলা হয়, ডব্লিউএলপি কর্মসূচি এশিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে চীনা ব্যবসায়ীদের দ্রুত প্রবেশাধিকার দেবে।

ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম বলেন, দক্ষ সরবরাহ ব্যবস্থা পণ্য ও পরিষেবাকে প্রতিযোগিতামূলক করে তোলে এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়ায়। চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের মাধ্যমে ডব্লিউএলপি এ ব্যবস্থা নিশ্চিতে সহায়তা করবে।

সুলতান আহমেদ একাধারে দুবাই পোর্টস ও কাস্টমস অ্যান্ড ফ্রিজোন করপোরেশনের চেয়ারম্যান। তার এ সংস্থা মূলত ডব্লিউএলপির মালিকানাধীন ও পরিচালনা প্রতিষ্ঠান।

সাংহাইয়ের লিন-গ্যাং মুক্ত বাণিজ্য অঞ্চলে টেসলা, চায়না ইন্টারন্যাশনাল মেরিটাইম কনটেইনারস, চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন, ক্যাটারপিলার এবং চীনের বাণিজ্যিক উড়োজাহাজ করপোরেশনসহ ৪০ হাজারেরও বেশি কোম্পানি নিবন্ধিত রয়েছে।

লিন-গ্যাংয়ের সেক্রেটারি জিনশান চেন বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের অংশীদারত্ব লিন-গ্যাংকে একটি বিশেষ মুক্ত বাণিজ্যিক অঞ্চল তৈরিতে সাহায্য করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ এবং লোহিত সাগর অঞ্চলে ব্যবসা বিকাশের জন্য চীনা উদ্যোগগুলোর জন্য চ্যানেল ও পথ তৈরি করতে একটি নতুন উন্নয়ন প্লাটফর্ম প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করবে।

দুবাইয়ের এ সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে লিন-গ্যাং ইয়াংজি রিভার ডেল্টা অঞ্চলের প্রধান উদ্যোগগুলোকে যৌথভাবে ডব্লিউএলপির আওতায় পরিচালনার জন্য আহ্বান জানানো হবে।

আরো উল্লেখ করা হয় যে, চীনা ব্যবসায়ী ও পণ্য সরবরাহকারী কোম্পানি যারা ডব্লিউএলপির সদস্য হবে তারা প্রদত্ত সুবিধাগুলো পাবে। থাই এয়ারওয়েজ এবং এমিরেটস স্কাই কার্গোর সদস্য। আর প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে রয়েছে কার্গো দ্রুত চিহ্নিতকরণ, শুল্ক ছাড়পত্র ও বিভিন্ন প্রশাসনিক খরচ অপসারণ।

ডিপি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সংস্থাটির কনটেইনার হ্যান্ডলিং ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। যার নেপথ্যের কারণ হিসেবে বলা হচ্ছে, বৈশ্বিক বাণিজ্যিক কার্যক্রমের স্থিতিশীলতা। তবে নিকট ভবিষ্যতে বিষয়টি কতটা স্থিতিশীল থাকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে বলা হচ্ছে, আগামী মাসগুলোয় বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়ে গিয়েছে। তবে ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে বন্দর অপারেটর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বন্দরগুলোয় ২০ ফুটের ২ কোটি ১ লাখ ইউনিট কনটেইনার হ্যান্ডলিং করেছে। এ বৃদ্ধির নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার কনটেইনার সরবরাহ।