ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ। তবে চলতি বছর দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে বৈরী আবহাওয়া। আবাদের সময় অপর্যাপ্ত বৃষ্টিপাত ব্রাজিলের ভুট্টাচাষীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কৃষিপণ্যটির উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে। খবর এগ্রিমানি ও রয়টার্স।

গত সপ্তাহ পর্যন্ত ব্রাজিলের মধ্য-দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রয়োজনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। তাপমাত্রা বেড়ে কোথাও কোথাও রীতিমতো খরা পরিস্থিতি দেখা দিয়েছে। ব্রাজিলের কৃষিপ্রধান এ অঞ্চলটিতে সবচেয়ে বেশি ভুট্টা চাষ হয়। স্বাভাবিকভাবেই অপর্যাপ্ত বৃষ্টিপাত ও খরা পরিস্থিতি এ অঞ্চলের কৃষকদের ভাবনা বাড়িয়েছে।

ব্রাজিলের এগ্রিবিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান এনআইটিএল এফসিস্টোনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরী আবহাওয়া এবার ব্রাজিলে ভুট্টার উৎপাদন কমাতে পারে। এবারের মৌসুমে দেশটিতে সব মিলিয়ে ৭ কোটি ২৬ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১ দশমিক ৭৫ শতাংশ কম।

অপর এগ্রিবিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান রুরাল ক্লিমার আবহাওয়াবিদ মার্কো অ্যান্টনিও দোস সান্তোস বলেন, ব্রাজিলে আবহাওয়া পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটা কৃষি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কেননা কৃষকরা প্রতিকূল আবহাওয়ায় শস্য উৎপাদনে আগ্রহ হারাবেন। এ পরিস্থিতিতে কমতে পারে কৃষিপণ্যের উৎপাদন।