লিবরা ইনফিউশনস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত কোম্পানিটি নতুন করে ২১ ডিসেম্বর বেলা ১১টায় এজিএম আহ্বান করেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৭৮ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকায়।

সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। যেখানে এর আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১ হাজার ২৬১ টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬৯ টাকায়।

এর আগে ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল লিবরা ইনফিউশনস। ২০১৬-১৭ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এছাড়া ২০১৫-১৬ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ ও ২০১৪-১৫ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনসের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৭ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৯২০। এর মধ্যে ৩৪ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৩ দশমিক ৬৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।