নেদারল্যান্ডস ২০২২-২৩ অর্থবছরে ভারতের তৃতীয় বৃহত্তম অংশীদার হয়েছে উঠেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রকাশিত তথ্যানুযায়ী, পেট্রোলিয়াম পণ্য, ইলেকট্রনিকস, রাসায়নিক ও অ্যালুমিনিয়ামের মতো পণ্য পরিবহনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পর ভারতের তৃতীয় বৃহত্তম রফতানি গন্তব্য এখন নেদারল্যান্ডস। দেশটির সঙ্গে ভারতের বাণিজ্য ২০২১-২২ অর্থবছরের ৮০০ কোটি ডলার থেকে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারতের বাণিজ্যিক লেনদেন এবং গন্তব্য হিসেবে যুক্তরাজ্য, হংকং, বাংলাদেশ ও জার্মানির মতো প্রধান গন্তব্যগুলোকে ছাড়িয়েছে নেদারল্যান্ডস। প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২২ অর্থবছরে নেদারল্যান্ডসে ভারতের রফতানি প্রায় ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫২ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে ২০২১-২২ অর্থবছরে ইউরোপীয় দেশটিতে শিপমেন্ট হয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৫ কোটি ডলার ও এবং ২০২০-২১ অর্থবছরে ৬৫০ কোটি ডলার। ২০০০-০১ অর্থবছরে থেকেই রফতানি বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হতে শুরু করে। ওই সময়ে নেদারল্যান্ডসে ভারতের রফতানি ছিল মাত্র ৮৮ কোটি ডলার। এছাড়া ২০২১-২২ সালে রফতানির দিক দিয়ে নেদারল্যান্ডস ছিল ভারতের পঞ্চম বৃহত্তম গন্তব্য।

২০১৭ সালে নেদারল্যান্ডসে ভারতের রফতানি যেখানে ছিল ৫৫০ কোটি ডলার তা ২০২২ সালে ১ হাজার ৮১০ কোটি ডলারে পৌঁছেছে। অর্থনৈতিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) মতে, ভারত থেকে নেদারল্যান্ডসের রফতানি করা প্রধান পেট্রোলিয়াম পণ্য হলো এভিয়েশন টারবাইন জ্বালানি (এটিএফ) ও ডিজেল। পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের (টেলিকম সরঞ্জাম ও স্মার্টফোন) মাধ্যমে রফতানি হয়েছে ১০০ কোটি ডলারেরও বেশি।

মুম্বাইভিত্তিক রফতানিকারক ও টেকনোক্রাফট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শারদ কুমার সরফ মনে করেন। ভবিষ্যতেও এ ধরনের প্রবণতা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘‌নেদারল্যান্ডস ইউরোপের প্রবেশদ্বার। দেশটির বন্দরগুলো ইউরোপের অন্যান্য বন্দরের তুলনায় ব্যয় সাশ্রয়ী এবং শিপিং কার্যক্রমের জন্য বেশ উপযোগী।’

ভারত ও নেদারল্যান্ডস ১৯৪৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর থেকে উভয় দেশ শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। সরকারি তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে ২০২০-২১ অর্থবছরে ছিল ১ হাজার কোটি ডলার এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার।

এভাবে ধীরে ধীরে জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও বেলজিয়ামের পর ইউরোপে ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে উঠে আসে নেদারল্যান্ডস। বর্তমানে দেশটি ভারতে একটি বৃহৎ বিনিয়োগকারীর ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেদারল্যান্ডস থেকে ভারত ১৭৬ কোটি ডলার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ পেয়েছে। ২০২১-২২ সালে বিনিয়োগের পরিমাণ ছিল ৪৬০ কোটি ডলার।

ফিলিপস, আকজো নোবেল, ডিএসএম, কেএলএম ও র‌্যাবোব্যাংকসহ দুই শতাধিক ডাচ কোম্পানি ভারতে রয়েছে। একইভাবে নেদারল্যান্ডসেও ভারতীয় দুই শতাধিক কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টিসিএস, এইচসিএল, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, সান ফার্মাসিউটিক্যালস ও টাটা স্টিলের মতো বড় বড় আইটি কোম্পানি।