শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের মালিকানাধীন স্কয়ার টেক্সটাইলস ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের স্থাপনায় ৭ দশমিক ৫১ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন তিনটি রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়ন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এ উপলক্ষে সম্প্রতি শিল্প গ্রুপটির করপোরেট কার্যালয়ে এক বিশেষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলমগীর মোরসেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. কবির রেজা, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) সিরাজ আহমেদ। অন্যদিকে ইডকলের পক্ষে ছিলেন নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (নবায়নযোগ্য জ্বালানি) মো. সেরাজুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী বলেন, ‘স্কয়ার গ্রুপ দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী শিল্প প্রবৃদ্ধির অংশ হিসেবে তাদের কার্যক্রমে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি সমাধান সংযুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইডকলের সিইও আলমগীর মোরসেদ বলেন, ‘ইডকল নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।’

অনুষ্ঠানে জানানো হয়, এ রুফটপ সোলার প্রকল্পগুলো বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি অবদান রাখছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইডকল ও স্কয়ার গ্রুপ।