জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৭৬ শতাংশ। একই সময়ে কোম্পানিটির আয়ও কমেছে। লুব-রেফের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ছিল ১৫ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১১ কোটি ৬২ লাখ টাকা বা ৭৬ দশমিক ৩৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় কমেছে ৫০ কোটি ৮৬ লাখ টাকা বা ৫৬ দশমিক ৯৬ শতাংশ। 

প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।  আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটির ক্যাটাগরি বিদ্যমান ‘‌এ’ থেকে ‘‌বি’তে অবনমন হয়েছে। 

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।