কফি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব আফিকার দেশ তানজানিয়া।
২০২১-২২ অর্থবছরে দেশটি ৭০ হাজার টন কফি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ সময় উচ্চমানের হাইব্রিড কফি উৎপাদনে জোর দেবে দেশটি।
খবর গ্লোবাল টাইমস।
তানজানিয়ার কৃষিমন্ত্রী এডলফ মেকেন্ডা দেশটির সংসদে বলেন, দেশটির ৩০টি জেলায় কফি উৎপাদন হয়।
এসব জেলার কৃষকদের মাঝে দুই কোটি হাইব্রিড কফিবীজ বিতরণ করতে তানজানিয়া কফি বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রত্যাশামাফিক আবাদ বাড়লে ২০২১-২২ অর্থবছরে ৭০ হাজার টন কফি উৎপাদন করতে সক্ষম হবে তানজানিয়া।
মন্ত্রী জানান, কফি বোর্ডকে ২০টি জেলায় ৪০ প্রদর্শনী খামার তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি ১০টি জেলায় বহৎ আবাদভূমি তৈরি করতেও বলা হয়েছে।
২০২১-২২ অর্থবছরে তানজানিয়া কফি রিসার্চ ইনস্টিটিউট (টিএসিআরআই) দুটি কফি গবেষণা কেন্দ্র পরিচালনা করবে।
কিগোমা ও মারা অঞ্চল থেকে গবেষণা কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান কৃষিমন্ত্রী এডলফ মেকেন্ডা।
প্রতিষ্ঠানটি কফি আবাদে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও গবেষণা করবে।










