চিনি রফতানিতে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বিশ্বের উৎপাদনে দ্বিতীয় শীর্ষস্থানীয় দেশ ভারত। চলতি বছরে ৫০ লাখ টন কম রফতানি হয়েছে দেশটির, যা মোট রফতানি থেকে ১২ শতাংশ কমেছে। চিনি শিল্পসংশ্লিষ্টরা বলছেন, কনটেইনার সংকট ও বৈশ্বিক মূল্যবৃদ্ধির শঙ্কায় রয়তানিতে ঘাটতি হয়েছে। এমনকি গত চার বছরের পরিসংখ্যানে এরই মধ্যে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি। খবর ইকোনমিক টাইমস।
ভারতের ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকাশ নায়েকনাভারে বলেছেন, কনটেইনারের ঘাটতিই মূলত আমাদের রফতানির পরিমাণ কমিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা ৩০ লাখ টন রফতানির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম কিন্তু মাত্র ১০ লাখ টন রফতানি করতে পেরেছি। ২০২০-২১ মৌসুমে ভারত ৫০ লাখ টন চিনি রফতানি করে, যা গত মৌসুমের তুলনায় ৫৭ লাখ টন কম ছিল; যা সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও অনেক কম ছিল।
২০২০ সালের নভেম্বর থেকেই কনটেইনার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। বিশেষ করে প্রতিবেশী দেশ চীনের সঙ্গে ভূরাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারীর কারণে রফতানি কমে যায়।










