বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে ৩০ ডিসেম্বর বেলা ৩টায় করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১৬ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫২ পয়সা।