বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১১৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ২২ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এভিন্স টেক্সটাইলস বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬৬ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। এর আগের হিসাব বছরে এ লোকসান ছিল দশমিক শূন্য ১ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৭৭ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক শূন্য ১ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছিল ১৯ পয়সা।










