চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) নগরীর ডিসি পার্কে চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইউসিএজেএএ) উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এফবিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় ও চট্টগ্রাম জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ‘স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩’ এর আওতায় দেশ সেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় সিইউসিএজেএএ-এর পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মাহবুবুল আলম বলেন, এখানে যারা একত্রিত হয়েছি আমরা অতিথি নই, আমরা একই পরিবারের মতো। আমি সিইউসিএজেএএ-এর পাশে সব সময় থাকার চেষ্টা করি। আপনাদের লেখনীতে দেশ ও জাতির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়। আপনারা সংখ্যায় কম হতে পারেন, কিন্তু গুণগত দিক থেকে অনেক অনেক এগিয়ে। দেশকে রক্ষা করতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের সবার যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম কেন্দ্রিক। ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন চট্টগ্রামে আরো অগ্রগতি বেশি পরিমাণে হওয়া উচিত। আমি সেরা ডিসি হওয়ার পেছনে সাংবাদিকদের অবদান অনেক। আপনারা ইতিবাচক প্রচার ও ভালো কাজের জন্য সহায়ক ভূমিকা রেখেছেন।

এ সময় তিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গেজেটভুক্ত করার জন্য এফবিসিসিআইয়ের সভাপতিকে অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিইউসিএজেএএ-এর সভাপতি ও  ডেইলি স্টারের ব্যুরো প্রধান শিমুল নজরুল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলি সানের ব্যুরো প্রধান মো. নূর উদ্দিন আলমগীর, অ্যাসোসিয়েশনের সদস্য এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমন, দৈনিক বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরীসহ অনেকে।