মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ভিত্তিক স্টুডেন্ট আউটবাউন্ড প্রোগ্রামে অংশ নিচ্ছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১১ শিক্ষার্থী। দুই সপ্তাহের প্রোগ্রামটি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত একাডেমিক সমঝোতা স্মারকের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল (২৪ অক্টোবর) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের পরিচালক ড. খান সরফরাজ আলী। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ট্যুর, অফিসিয়াল ফটোসেশন ও দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে প্রতীকী পতাকা হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এ প্রোগ্রামে বাংলাদেশের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে চীনের শিয়ামেন নানিয়াং কলেজের শিক্ষার্থীরাও। যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক বিনিময়কে আরো সমৃদ্ধ করেছে।
দুই সপ্তাহব্যাপী এ শিক্ষা সফরের আওতায় শিক্ষার্থীরা বিজনেস, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও অন্যান্য সমসাময়িক বিষয়ের সার্টিফিকেট কোর্সের মতো বিভিন্ন একাডেমিক ওয়ার্কশপে অংশ নেবে। পাশাপাশি তারা ঐতিহ্যবাহী খেলা, গান, শারিরীক শিক্ষা ক্লাসেও যোগ দেবে। যা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশেও ভূমিকা রাখবে।
এছাড়া শিক্ষার্থীরা মালয়েশিয়ার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মিসেস ফারহানা শারমিন এবং পরিচালক (আউটরিচ ও জনসংযোগ) জনাব মোহাম্মদ ওমর ফারুক। পুরো প্রোগ্রামটি তত্ত্বাবধানও করছেন তারা।
উষ্ণ আতিথেয়তা, সহযোগিতা ও শিক্ষার্থী উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য আইএনটিআই বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট।
-বিজ্ঞপ্তি










