বৈশ্বিক ভুট্টা রফতানিতে তৃতীয় ব্রাজিল। তবে চলতি মৌসুমে দেশটির ভুট্টার রফতানি চ্যালেঞ্জের মুখে পড়েছে। জুলাই পর্যন্ত দেশটি গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক ভুট্টা রফতানি করতে সক্ষম হয়েছে। পণ্যবাহী জাহাজের তথ্য সরবরাহকারী সংস্থা কার্গোনেইভ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, গত মৌসুমে ব্রাজিলের বন্দরগুলোতে রফতানির উদ্দেশ্যে ৮৫টি জাহাজে ভুট্টা বোঝাই করা হয়েছিল। তবে চলতি মৌসুমে জাহাজের পরিমাণ কমে ৩৯টিতে নেমে এসেছে।

২০২০ সালে ব্রাজিল ৩ কোটি ৩০ লাখ ভুট্টা রফতানি করেছিল। তবে এ বছর প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির খাদ্যশস্য আবাদ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে ভুট্টা উৎপাদন কমে রেকর্ড সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে রফতানিতেও ধস নামতে পারে। ব্রাজিলের বাজার প্রক্ষেপণ অনুযায়ী, চলতি বছর দেশটির ভুট্টা রফতানি কমে দুই কোটি টনে নেমে আসতে পারে।

ব্রাজিল সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বেশির ভাগ ভুট্টা রফতানি করে থাকে। তবে এ বছর তা সম্ভব হয়নি। বাণিজ্যিক প্রতিষ্ঠান এগ্রিব্রাজিলের প্রধান নির্বাহী ফ্রেডেরিকো হামবার্গ বলেন, এরই মধ্যে অনেক রফতানি ক্রয়াদেশ বাতিল করতে হয়েছে। এর পরিবর্তে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে ভুট্টা বিক্রি বৃদ্ধি করেছেন। মূলত খরায় ভুট্টা উৎপাদন ও মজুদে ঘাটতি তৈরি হওয়ায় রফতানি বাধার মুখে পড়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।

ব্রাজিলের খাদ্যশস্য রফতানিকারক প্রতিষ্ঠান এনেকের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশটি প্রায় ২৫ লাখ টন ভুট্টা জাহাজীকরণে সক্ষম হবে। অথচ গত বছরের একই মাসে জাহাজীকরণ হয়েছিল ৫০ লাখ টন।