২০২২ সালের তুলনায় চলতি বছরের মে মাসে সয়াবিন আমদানিতে নতুন রেকর্ড করেছে চীন। ২৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টন সয়াবিন আমদানি করা হয়েছে। দেশটির কাস্টমস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত কঠোর তদারকির কারণে কার্গোগুলো দীর্ঘ সময় বন্দরে অবস্থান করছিল। এরপর পণ্য খালাস শুরু হওয়ায় নতুন এ রেকর্ড তৈরি হয়েছে। খবর রয়টার্স।
সয়াবিন ক্রয়ের দিক থেকে শীর্ষ দেশটির আমদানি এপ্রিলের ৭২ লাখ ৬০ হাজার টনের তুলনায় বেশি, যা সে সময়ের পূর্বাভাসের তুলনায় কম ছিল। চীনে সয়াবিন সরবরাহের শীর্ষ দেশ ব্রাজিল। কিন্তু চাষ দেরিতে হওয়ায় এবার রফতানিও বিলম্বিত হয়েছে। ফলে সয়াবিনের কার্গো আসার সময় পিছিয়ে যায়। অন্যদিকে বন্দরে চীনের কঠোর শুল্কনীতির কারণে এপ্রিলে আমদানি উল্লেখযোগ্য হারে কমেছিল। আমদানি দেরি হওয়ায় সয়াবিনের মজুদেও বিরূপ প্রভাব পড়ে। ফলে সয়ামিলের দামও বেড়ে যায়। প্রাণীদের খাদ্য হিসেবে এটি ব্যবহার করা হয়।
মে মাসে রেকর্ড পরিমাণ সয়াবিন আমদানি হওয়ায় দামও কমেছে। যার পরিপ্রেক্ষিতে ক্রাশিং হাব রিঝাওতে মে মাসে প্রতি টন সয়াবিন ২০ শতাংশ কমে ৩ হাজার ৬৭০ ইউয়ান বা ৫১৫ ডলার ৫৩ সেন্টে বিক্রি হয়েছে। ২০২০ সালের জুনে ১ কোটি ১২ লাখ টন সয়াবিন আমদানির মাধ্যমে রেকর্ড তৈরি করেছিল চীন। জুনে আমদানি ১ কোটি ৩০ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।










