ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২ দশমিক ৭২ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ৪৩ লাখ ৭০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২ নভেম্বর ন্যাশনাল টির শেয়ারদর ছিল ৫০৩ টাকা ৯০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৩৯ টাকা ৮০ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৮ টাকা ১৯ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ টাকা ৬৮ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ টাকা ৭১ পয়সা।

১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন রয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৯০ শতাংশ শেয়ার। এছাড়া সরকরের কাছে ৪ দশমিক ৩৩, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।