যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ির দাম বাড়াচ্ছে টেসলা। মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি জানিয়েছে ‘এস’, ‘এক্স’ ও ‘ওয়াই’ বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) মার্কিন দাম ১ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। নির্মাতাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, উচ্চমূল্যের মডেল ‘এস’ ও ‘এক্স’ গাড়ির সব ভ্যারিয়েন্টের দাম ১ হাজার ডলার বেড়েছে। এছাড়া ‘ওয়াই’ ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ২৫০ ডলার। সর্বশেষ মূল্য পরিবর্তনের তুলনায় মূল্য বেড়েছে দশমিক ৫ শতাংশ থেকে ১ দশমিক ১ শতাংশ পর্যন্ত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯ এপ্রিলের পর মডেল ‘এস’, ‘এক্স’ ও ‘ওয়াই’ গাড়ির এটি দ্বিতীয় মূল্যবৃদ্ধি। যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে কিছু গাড়ির দাম কমিয়েছিল টেসলা। কিন্তু মে মাসের শুরুর দিকে এ মূল্যবৃদ্ধির পর থেকে এর সবচেয়ে কম দামি গাড়ি ‘মডেল থ্রি’-এর দামের কোনো পরিবর্তন হয়নি।
টেসলা জানুয়ারি থেকে বিশ্বব্যাপী দাম কমাতে শুরু করেছে। যার মধ্যে এর আগে যুক্তরাষ্ট্রেও ছয়বার কমানো হয়েছে। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানটির সিইও ইলোন মাস্ক বলেছেন, ‘কোম্পানি বিক্রির পরিমাণ কমা-বাড়া নিয়ে ভাববে না। কিন্তু যেখানে সম্ভব সেখানে আবার দাম বাড়ানোর চেষ্টা করবে।’
সর্বশেষ গত বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির পরও ‘এস’ ও ‘এক্স’ গাড়ির বেস মডেলগুলো বছরের শুরুর তুলনায় যুক্তরাষ্ট্রে যথাক্রমে ১৬ শতাংশ ও ১৯ শতাংশ দাম কম রয়েছে। যেখানে মডেল ‘ওয়াই’ সংস্করণটির দাম এখনো ২৩ শতাংশ কম।
মডেল ‘এস’-এর দাম বর্তমানে ৮৮ হাজার ৪৯০ ডলার ও ‘এক্স’ মডেল ৯৮ হাজার ৪৯০ ডলার। এ দুটি মডেলের পারফরম্যান্স সংস্করণের মূল্য এখন ১০ লাখ ৮ হাজার ৪৯০ ডলার। এছাড়া মডেল ‘ওয়াই’-এর লং-রেঞ্জ ও পারফরম্যান্স ভ্যারিয়েন্টগুলোর দাম যথাক্রমে ৪৭ হাজার ৪৯০ ডলার, ৫০ হাজার ৪৯০ ডলার ও ৫৪ হাজার ৪৯০ ডলার।
এদিকে টেসলার জাপান ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এরই মধ্যে টেসলার ফ্ল্যাগশিপ ‘সেডান’, মডেল ‘এস’ ও এসইউভি মডেল ‘এক্স’-এর ক্রয়াদেশ নেয়া শুরু করেছে।










